ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে এবার সংসদ সদস্য

ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং খালসা। এই নির্বাচনে জয় পেয়েছেন ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধীও। ফলে তার সঙ্গে একই লোকসভায় বসবেন রাহুল গান্ধী। এর আগেও অবশ্য বিয়ন্ত সিং পরিবারের সঙ্গে লোকসভায় বসতে হয়েছে ইন্দিরা গান্ধীর পরিবারকে। 

সরবজিৎ সিংয়ের মা, বিয়ন্ত সিংয়ের স্ত্রী বিমল কউর খালসা ১৯৮৯ সালে পাঞ্জাবের রোপার থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে জিতে সংসদে ছিলেন ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধীও।

স্বর্ণ মন্দিরে সেনা অপারেশনের বদলা নিতে ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করেন তারই দুই দেহরক্ষী বিয়ন্ত সিং ও সতবন্ত সিং। নিরাপত্তাকর্মী বিয়ন্ত সিং প্রথমে রিভলবার বের করে ইন্দিরা গান্ধীর দিকে গুলি চালায়। প্রথম গুলিটা পেটে লেগেছিল তাঁর। গুলি থেকে বাঁচতে ডান হাতটা ওপরে তুলেছিলেন ইন্দিরা গান্ধী। তখন একেবারে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে বিয়ন্ত সিং আরও দুবার গুলি চালান। সে-দুটো গুলি তার বুকে আর কোমরে লাগে।

ওই জায়গার ঠিক পাঁচ ফুট দূরে নিজের টমসন অটোমেটিক কার্বাইন নিয়ে দাঁড়িয়ে ছিল সতবন্ত সিং। বিয়ন্ত চিৎকার করে সতবন্তকে বলে ‘গুলি চালাও’। সতবন্ত সঙ্গে সঙ্গে নিজের কার্বাইন থেকে চেম্বারে থাকা ২৫টা গুলিই ইন্দিরা গান্ধীর শরীরে গেঁথে দিয়েছিল।

সূত্র: বিবিসি বাংলা।