সিনেমার বাইরে শাকিব খানকে সচরাচর খুব একটা পাওয়া যায় না বললেই চলে। কালেভদ্রে হাজির হন বিজ্ঞাপনের মডেল হিসেবে, তাও আবার কয়েক বছরে একবার। সেই শাকিব এবার হলেন শো স্টপার, হাঁটলেন র্যাম্পে। প্রায় এক যুগ পর র্যাম্পে হাঁটতে দেখা গেছে ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ককে।
সদ্য রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০০৪’-তে শাকিব খানের সঙ্গে দেখা গেছে ছোট ও বড় দুই পর্দার তারকাদেরও। এদিন শাকিবের সঙ্গে র্যাম্প ওয়াক করেন চিত্রনায়িকা পরীমণি, বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী তানজিন তিশা ও সাবিলা নূর।
শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার পেছনে ছিলেন ফ্যাশন ডিজাইনার মডেল পিয়াল হোসেন। এর আগে শাকিব খান সর্বশেষ ২০১২ সালে এশিয়ান টেলিভিশনের লোগো উন্মোচন অনুষ্ঠানে র্যাম্প ওয়াক করেন।
তৃতীয়বারের মতো ‘ঢাকা ফ্যাশন ডে’র মূল স্পনসর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউ ইয়র্ক। এবারই প্রথম এত জমকালো আয়োজনে হলো ঢাকা ফ্যাশন ডে। শাকিব ছাড়াও এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা।