ঢামেকে চিকিৎসা ব্যবস্থায় বিস্মিত জাপানের রাষ্ট্রদূত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যায় বিস্ময় প্রকাশ করেছেন জাপানি রাষ্ট্রদূত জাপানি রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে এই হাসপাতাল পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত কম জনবল ও সক্ষমতা নিয়ে এত বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা ব্যবস্থাপনারও প্রশংসা করেন।

গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (জেবিএমএ) এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান।

জাপানে বিএসএমএমইউ চিকিৎসকদের প্রশিক্ষণের সুযোগ : এখন থেকে প্রতিবছর বিএসএমএমইউর চিকিৎসকরা জাপানে ফেলোশিপ ট্রেনিংয়ের সুযোগ পাবেন। আর এই ট্রেনিংয়ের সব ব্যয়ভার বহন করবে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। গতকাল দুইপক্ষের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

অনুষ্ঠানে জানানো হয়, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রতিবছর বিএসএমএমইউ এর ক্লিনিকেল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকরা জাপানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তিন থেকে ছয় মাসের উচ্চতর ফেলোশিপ ট্রেনিংয়ের সুযোগ পাবেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই চিকিৎসা খাতে জাপানের সঙ্গে আমাদের এই সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকুক। জাপান বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র। আধুনিক জ্ঞান-বিজ্ঞানে তারা অনেক বেশি এগিয়ে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, দেশের অসংখ্য চিকিৎসক জাপানে স্কলারশিপে প্রশিক্ষণে যায়। আমরাও বিএসএমএমইউর পক্ষ থেকে জাপানের এসব প্রশিক্ষণ ও স্কলারশিপে জোরালোভাবে অংশগ্রহণ করতে চাই। সিস্টেমের জন্য কাজ করছে, আমরা চাই আমাদের এই কর্মযজ্ঞেও জাপান আমাদের পাশে থেকে সহযোগিতা করুক।