সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী

প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে হজের পর ব্যবস্থা

চলতি বছর যেসব হজ এজেন্সি হজযাত্রী পাঠানোর কাজে প্রতারণা বা অবহেলা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, ‘৮৫ হাজার হাজির মধ্যে এখনো ১৫ হাজার হজযাত্রীর যাওয়া বাকি। ১২ জুনের মধ্যে বাকি হজযাত্রী সৌদি আবরে পৌঁছে যাবেন। অন্য বারের তুলনায় এবার হজযাত্রায় বড় ধরনের কোনো অব্যবস্থাপনা ছিল না।’

গতকাল শনিবার সকালে আশকোনায় হজ অফিসে সকাল ৯টায় হজের সার্বিক বিষয় সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্যমতে, হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ জন হজযাত্রী। ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬৫ হাজার ৪০৪ জন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে।