বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে কুপিয়ে জখম

যশোরের বেনাপোল কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার বেনাপোল পোর্ট থানায় মামলা করে কাস্টম কর্তৃপক্ষ। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টম ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে রাফিউল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে রিকশাভ্যানযোগে স্থানীয় রঘুনাথপুর সড়কে ঘুরতে যান। পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়। দুর্বৃত্তরা এ সময় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করে।  বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামের কাছ থেকে সুবিধা নিতে না পেরে একটি চক্র এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

 বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টম হাউজের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় বেনাপোল কাস্টম হাউজের পক্ষ থেকে কারও নাম উল্লেখ না করে একটি মামলা করেছেন।