আজ রোববার সন্ধ্যাতেই টানা তৃতীয়বারের মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও তৃণমূল কংগ্রেস অংশ নেবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে গতকাল শনিবার বৈঠক করেন দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকের পর মমতা বলেন, রোববার (৯ জুন) মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর দল তৃণমূল কংগ্রেস যোগ দেবে না। তিনি বলেন, ‘আমরা এখনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলেও এই অনুষ্ঠানে যাব না।‘
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
মোদি সরকারকে অগণতান্ত্রিক উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেন, ‘এই সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠিত হচ্ছে। এমন একটি সরকারকে আমরা শুভকামনা জানাতে পারি না। তবে আমরা জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’
এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ জানিয়েছেন যে, মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি, তবে যাবেন কিনা এ বিষয়ে জোটের সাথে কথা বলে রোববার সিদ্ধান্ত নেবেন।
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন মোদি। দেশটির রাষ্ট্রপতি ভবনে আজ সন্ধ্যায় এই শপথ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ৩০ জন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।