পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী শাকিব মৃধাকে (২২) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টায় কলাপাড়া উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশারফ মৃধার ছেলে সাকিব মৃধার সঙ্গে একই উপজেলায় ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নুরু ফরাজীর মেয়ে আমেনা খাতুনের সঙ্গে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।
নিহত আমেনার বাবা নুরু ফরাজী বলেন, আমেনা অত্মহত্যা করেনি। শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেছে। ৭ মাসের গর্ভবতী মা আত্মহত্যা করতে পারে না। এই ঘটনায় জড়িত শাকিব ও তার পরিবারের সদস্যদের বিচার দাবী করেছেন তিনি।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।