ফেনীর সোনাগাজীতে জোহর নামাজের আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান নামে দুবাই প্রবাসী মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়া বায়তুল আমান জামে মসজিদে ঘটে। তিনি ওই গ্রামের হাসেম লন্ডনি বাড়ির মৃত হোসেন আহম্মদের ছেলে।
নিহতের খালাতো ভাই মিজানুর রহমান বলেন দুপুরে প্রচন্ড বজ্রবৃষ্টি হচ্ছিল তাই জোহরের নামাজের আজান দেওয়ার জন্য ইমাম-মোয়াজ্জেম মসজিদে যেতে পারেনি। ওই সময় সাইদুর রহমান বৃষ্টি উপেক্ষা করে মসজিদে আজান দিতে যায়। আজান দেওয়া অবস্থায় বজ্রপাত হওয়ার সাথে সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদে লুটিয়ে পড়েন। মসজিদে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফেনীতে প্রেরণ করা হয়। আজ বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ফেনীর জেডইউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন, তিনি দীর্ঘদিন আরব আমিরাতের দুবাই প্রবাসী। গত কয়েকমাস আগে ছুটিতে দেশে আসেন। আগামী সপ্তাহে তার প্রবাসে ফেরত যাওয়ার কথা ছিল।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বিপ রায় পলাশ বলেন, আমি সন্ধ্যায় মৃত্যুর খবরটি অবগত হয়ে ঘটনাটি অনুসন্ধান করতে পুলিশ প্রেরণ করেছি।