মুন্সীগঞ্জের গজারিয়ায় স্কুলের পাশের পুকুর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (৯ জুন) সকালে শিক্ষার্থী সিয়ামের লাশ উদ্ধার করা হয়।
সে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামের শাহজালালের ছেলে। সে স্থানীয় ১৮ নম্বর আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য দিনের মতো স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সিয়াম। স্কুলে এসে টিফিনের আগ পর্যন্ত ক্লাসও করে সে। বিরতিতে স্কুল থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে স্কুলের পাশে একটি পুকুরের থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এই পুকুরটিতে স্কুলের শিক্ষার্থীরা গোসল ও হাতমুখ ধুয়ে থাকে। ধারণা করা হচ্ছে গোসল অথবা হাতমুখ ধোয়ার কাজে পুকুরে নেমে সাঁতার না জানায় তলিয়ে যায় সে।
গজারিয়া থানার এসআই নুরুল হুদা বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। লাশ উদ্ধারের পরে প্রাথমিক পর্যবেক্ষণে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করছি পুকুরের পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি (তদন্ত) এ টি এম আক্তারুজ্জামান বলেন, এ ব্যাপারে নিহতের স্বজনদের কোনো আপত্তি নেই। তারা লিখিত দিয়ে লাশ নিয়ে গেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।