দেশে ব্রেইন টিউমারে বছরে আক্রান্ত ২০ হাজার

দেশে বছরে প্রায় ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হচ্ছে। তাদের মধ্যে বছরে ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে তিন হাজার রোগীর। উন্নত বিশ্বে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৫ জন এই রোগে আক্রান্ত হচ্ছে। তবে তৃতীয় বিশ্বের প্রতি এক লাখ মানুষের মধ্যে চারজন মানুষ এ রোগে আক্রান্ত হয়।

গতকাল রবিবার বিশ্ব ব্রেন টিউমার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বাংলাদেশে নিউরো সার্জিক্যাল সেন্টারগুলোকে আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত করলে এবং দেশের সব জেলা হাসপাতালে নিউরো সার্জারি চালু করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ব্রেন টিউমার, হেড ইনজুরি প্রভৃতি বিষয়ে চিকিৎসার সুযোগ পাবে। সময়মতো ব্রেন টিউমার অপারেশন করলে ব্রেন টিউমার ভালো হয় এবং মৃত্যুঝুঁকি ও পঙ্গুত্ব কমে যায়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ব্রেন হেলথ অ্যান্ড প্রিভেশন’। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই সেমিনার হয়। দিবসটি উপলক্ষে গণসচেতনতামূলক শোভাযাত্রাও বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক ও সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনসের সভাপতি বিএসএমএমইউর নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ডা. কেএম আতিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. সুমন রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনসের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম ।

সেমিনারে চিকিৎসকরা জানান, বিভিন্ন ধরনের রেডিয়েশনসহ বিভিন্ন কারণে ব্রেন টিউমার হতে পারে। এই বিশেষজ্ঞ চিকিৎসক জানান, সব বয়সী মানুষেরই ব্রেন টিউমার হতে পারে। বাচ্চাদেরও হতে পারে। পূর্ণবয়স্ক ও বেশি বয়স্ক মানুষেরও হয়। নারীরাও আক্রান্ত হন। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্রেন টিউমার অপারেশনে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে।

বিএসএমএমইউ নিউরো সার্জারির উন্নয়নে কাজ করছে বলে জানান উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দিলে দেশে বিশ্বমানের নিউরো সার্জারি সেবা দেওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স (নিনস) হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের ২০টি বিভিন্ন সরকারি হাসপাতালে নিউরো সার্জারি চালু আছে। নিউরো সার্জারিতে দক্ষ জনশক্তি তৈরিতে বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, নিনস, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কম্বাইন্ড মেডিকেল হসপিটাল ও রংপুর মেডিকেল কলেজে এমএস নিউরো সার্জারি কোর্স চালু করা হয়েছে।