থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৫

ঝিনাইদহের শৈলকুপা থানায় গতকাল হামলা করে গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েক জন আহত হন। থানায় হামলার ঘটনায় গতকাল রাতেই পুলিশ বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫’শ জনকে আসামি মামলা করে। 

পরে গতকাল রাতেই শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শৈলকুপার ধাওড়া গ্রামে একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি মুস্তাক শিকদারকে গতকাল গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে বিকালে ধাওড়া ও আশপাশের গ্রামের শত শত লোকজন ঢাল, ভেলা, লাঠি, সোটা, রামদা ও ইটপাটকেল নিক্ষেপ করে থানায় হামলা করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ থেকে ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৫ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, থানায় হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।