বিইউপিতে ১৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ১৬তম বার্ষিক সিনেট সভা বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সোমবারের (১০ জুন) এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।  

সভার শুরুতে বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো. শফিকুল ইসলাম, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি) ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেট ১২৯ কোটি ৭ লক্ষ টাকা ও ২০২৪-২০২৫ অর্থবছরের ১৩২ কোটি ৯৩ লক্ষ টাকার বাজেট উপস্থাপন করেন। 

সিনেট সদস্যগণ ট্রেজারার এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও সিনেট সভায় ১৬তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ১৬তম বার্ষিক সিনেট সভাটি সার্বিকভাবে সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি। 

সভায় সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুব তার বক্তব্যে বলেন, বিইউপিতে নতুন জ্ঞান সৃষ্টি, শিক্ষা বিস্তার, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিইউপি একটি ‘একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৫০’ প্রণয়ন করেছে যা বাস্তবায়নের মাধ্যমে বিইউপি জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও সাফল্য অর্জনে এগিয়ে যাবে। 
 
এছাড়া সিনেট সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য মো. শাহরিয়ার আলম এবং সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।