শিক্ষামন্ত্রী বললেন

গবেষণাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নীতি নির্ধার করা যদি একটি দেশের সাংস্কৃতিক এবং সামাজিক বিষয়গুলো এবং এর চাহিদা বোঝতে না পারেন তাহলে যেকোনো পলিসিই ব্যর্থ হবে। এজন্য আমাদের শুধু তথ্য উপাত্তভিত্তিক গবেষণার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না।

গতকাল সোমবার ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক সংস্থা নলেজ অ্যান্ড ইনোভেশন এক্সচেঞ্জ (কিক্স) এর যৌথ উদ্যোগে দুইদিনব্যাপী ‘কিক্স বাংলাদেশ ন্যাশনাল আপটেক ফোরাম-২০২৪’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশসহ বিশ্বের ১০ দেশের শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি দেশে কোনো পলিসি সাসটেইনেবল হলেও অন্য দেশের ক্ষেত্রে তা প্রযোজ্য নাও হতে পারে। তাই আমাদের উচিত সাংস্কৃতিক এবং সামাজিক ইস্যুগুলোর ওপর গুরুত্ব দেওয়া। এর ফলে বেসরকারিভাবে যারা যারা গবেষণা করছেন, যারা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তাদের সবার উপকার হবে।’ একইসঙ্গে দেশও উপকৃত হবে।