শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং শতভাগ ঘরভাড়া প্রদানের দাবিতে শিক্ষক-কর্মচারীদের রক্তে লেখা স্মারকলিপি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা সচিবের নিকট প্রেরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মঙ্গলবার জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন, বরিশাল বিভাগের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল।
এ সময় শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি খাতে বিরাজমান বৈষম্য দূর করে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দ্রুত বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং শতভাগ ঘরভাড়া প্রদানের দাবিতে সভায় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের রক্তে লেখা হয় একখানা স্মারকলিপি। পরে ওই স্মারকলিপি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা সচিব মহোদয়ের নিকট ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনের লক্ষ্যে এসব দাবি পূরণের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে দাবি পূরণ না করলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীতে আরো কঠিন ও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুণ্ডু, উপাধ্যক্ষ আনোয়ারুল হক, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী, প্রধান শিক্ষক মো. শাহ আলম, মো. রেজাউল করিম প্রমুখ।