এক শিশুকে খাল থেকে উদ্ধারে গিয়ে নিখোঁজ অন্যজনও

নগরে এবার খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফিশারিঘাট খালে এ ঘটনা ঘটে। গোসল করতে নেমে শিশু দুটি নিখোঁজ হয়। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে বিকেল ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ সূত্র জানায়, প্রথমে এক শিশু খালে পড়ে পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে যায়। পরে সেও পানির স্রোতে ভেসে যায়।

নগরের লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

এর আগে গত রবিবার সকাল ১০টার দিকে নগরের আগ্রাবাদ এলাকার নাসির খাল থেকে জসিম উদ্দিন নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।