এইচএসসি পরীক্ষা চলাকালে চলবে শ্রেণি কার্যক্রম

আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষা চলাকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে। সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোয় পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য বলা হয়েছে। শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। সে হিসেবে ২০ দিন বন্ধ থাকবে। ইতিমধ্যে ছুটির বিজ্ঞপ্তিও দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে, তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেওয়া হবে। আগামী ২ জুলাই পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে।