এবার উপবৃত্তি পাচ্ছে ৬০ লাখ ৭১ হাজার শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে ৬০ লাখ ৭১ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে, যা গত অর্থবছরের তুলনায় ১ লাখ ৯ হাজার জন বেশি। তাদের জন্য টাকার অঙ্কে বাড়ছে প্রায় ২২৮ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা। চলতি জুন মাসেই এ উপবৃত্তির টাকা বিতরণ করা হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২২-২৩ অর্থবছরে ৫৯ লাখ ৬২ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ২ হাজার ৫৮ কোটি ৬০ লাখ ৯০ হাজার ৭২০ টাকা বিতরণ করা হয়। চলতি অর্থবছরে এখনো টাকা বিতরণ করা হয়নি। চলতি জুন মাসে ৬০ লাখ ৭১ হাজার শিক্ষার্থীর বিপরীতে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ২ হাজার ২৮৬ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হবে।

সরকারি দলের মোশতাক আহমেদ রুহীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী মোজাম্মেল হক জানান, বাংলাদেশে ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭ লাখ ৪০ হাজার ৬৩০ জন লোকসংখ্যা আছে।

সংসদ সদস্য মো. মজিবর রহমানের লিখিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সংসদে জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ‘উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব স্টেডিয়াম নির্মিত হচ্ছে। তিনি আরও জানান, প্রকল্পের প্রথম পর্যায়ে এরই মধ্যে ১২৫টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান।

সরকারি দলের খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী খেলাধুলার প্রসারে জাতীয় ক্রীড়া পরিষদ সারা বছর নিরবচ্ছিন্নভাবে খেলাধুলা পরিচালনার জন্য ক্রীড়াসামগ্রী ক্রয় বাবদ প্রতি বিভাগের ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার এবং প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে এক লাখ টাকা দিয়ে থাকে।