গাজীপুরের কালিয়াকৈরে ডিশ লাইন ব্যবসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপে চারজন আহত হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পূর্বচান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার আশিকুজ্জামান বকুল (৪০)। তিনি কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। অন্যজন হলেন গাজীপুর সদর উপজেলার বিপ্রবার্থা এলাকার সুমন দেওয়ান (২০)।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় দীর্ঘদিন ধরে জাকির হোসেন, মহসিন মিয়া ও আশিকুজ্জামান বকুল মিলে থ্রি-স্টার ডিজিটাল কেবল নেটওয়ার্ক নামে পার্টনারশিপে ডিশ লাইন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী। কিন্তু কিছুদিন আগে আশিকুজ্জামান বকুলকে পার্টনারশিপ থেকে বাদ দেন। তারপরও তাদের ওই পার্টনারশিপ ব্যবসায় লেনদেন বিষয়টি সম্পূর্ণ সমাধান হয়নি। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল সকাল ১০টার দিকে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আশিকুজ্জামান বকুল ও তার স্বজন সুমন দেওয়ান দেশীয় অস্ত্র নিয়ে পার্টনার মহসিনের ওপর হামলা করেন। তারা এলোপাতাড়ি ওই ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মহসিন মিয়া ও তার শ্যালক নাইম দেওয়ানকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেন। এ সময় উপস্থিত জনতা হামলাকারী আশিকুজ্জামান ও তার স্বজন সুমনকে গণধোলাই দিয়ে ৯৯৯-এ ফোন করে। পরে গুরুতর আহত অবস্থায় মহসিন ও নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় মহসিনকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।