ভারতের জম্মু-কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, চলছে গোলাগুলি

ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ চেকপোস্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। এ সময় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একজন সদস্য নিহত হয়েছেন।

এছাড়া বন্দুকযুদ্ধে পাঁচ সেনা সদস্য ও একজন বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১২ জুন) শেষ রাতে ওই ঘাঁটিতে হামলা করে বিচ্ছিন্নতাবাদীরা।

বুধবার এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জম্মু জোনের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন জানিয়েছেন যে, সন্ত্রাসীরা গভীর রাতে ছত্তরগালা এলাকায় একটি সেনা ঘাঁটিতে পুলিশ ও সেনা সদস্যের একটি যৌথ দলের ওপর গুলি চালায়। সেখানে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য মতে, আহত নিরাপত্তা কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। অভিযান জোরদার করতে সেখানে সেনা সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে।

জম্মুতে গত তিন দিনের মধ্যে এটি তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা। এর আগে কাথুয়াতে সন্ত্রাসীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।

এছাড়া তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, লস্কর-ই-তৈয়বার কমান্ডার আবু হামজার নির্দেশে তীর্থযাত্রীদের বাসে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে যে, মঙ্গলবার সন্ধ্যায় কাঠুয়াতে হামলায় দুই সন্ত্রাসী জড়িত ছিল এবং তাদের মধ্যে একজন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দ্বিতীয় হামলাকারীকে গ্রেপ্তারের লক্ষ্যে কাঠুয়ার হীরানগর এলাকায় অভিযান চলছে এবং নিরাপত্তা বাহিনী ড্রোন ব্যবহার করে তার সন্ধান করছে।