ভারতের নতুন সেনাপ্রধান হলেন যিনি

ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বর্তমানে ভারতের সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন উপেন্দ্র দ্বিবেদি। গত ফেব্রুয়ারি থেকে তিনি এ দায়িত্বে আছেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পান মনোজ পান্ডে। গত ৩১ মে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তার মেয়াদ এক মাস বাড়ানো হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। মাত্র চার মাসের মধ্যেই পদোন্নতি হচ্ছে তার।

পরবর্তী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদির ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু-কাশ্মীর ও লাদাখে নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ পদে কাজ করার অভিজ্ঞতা আছে।

ভারতীয় সেনাবাহিনীতে প্রায় চার দশক ধরে কর্মরত উপেন্দ্র দ্বিবেদি। তাঁর জন্ম ১৯৬৪ সালে। জম্মু ও কাশ্মীর রাইফেল্স রেজিমেন্ট থেকে ১৯৮৪ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন্ড পেয়েছিলেন। তিনি তাঁর কর্মজীবনে গুরুত্বপূর্ণ নানা পদে কাজ করেছেন।