অস্ট্রেলিয়াকে বলা হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দল। সম্ভাব্য সব শিরোপাই তাদের জেতা হয়ে গেছে। দীর্ঘকালের অপেক্ষার পর ২০২১ সালে জয় পেয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। তাতে আর কোনো অপূর্ণতা নেই তাদের। তবুও একটি কীর্তি তারা এখনও গড়তে পারেনি। যা আবার বাংলাদেশের আছে। আর তা হলো সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে এমন দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ারই নেই কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি।
২০২১ সালে শিরোপা জয়ের বছরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৮৯ রানের ইনিংসটাই এখন পর্যন্ত সর্বোচ্চ। অবশ্য উইন্ডিজ আর কিছু রান করতে পারলে অস্ট্রেলিয়ানদের আক্ষেপটা হয়তো সেদিনই ঘোচাতে পারতেন ওয়ার্নার। ১৫৮ রানের লক্ষ্যটা যে ২২ বল বাকি থাকতেই পেরিয়ে গিয়েছিল অসিরা!
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। এবার নবম আসর চলছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। ৯ আসরেই খেলা দলের সংখ্যাটাও ৯টি। অস্ট্রেলিয়ার সঙ্গে বাকি ৮ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই ৮ দলের ব্যাটসম্যানরাই সেঞ্চুরি পেয়েছেন। এখন পর্যন্ত ৪৩ ম্যাচ খেলেও তিন অঙ্কের দেখা পাননি শুধু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান।
বাংলাদেশ এই কীর্তি গড়েছে নিজেদের ২১তম ম্যাচ খেলতে নামার দিনেই। আর সেটা ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে করেছিলেন তামিম ইকবাল। ১০৩ রানের অপরাজিত ইনিংস ছিল তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ দলের ১০ জন ব্যাটসম্যান করেছেন ১১টি সেঞ্চুরি। শুধু ক্রিস গেইলের আছে একাধিক শতরানের ইনিংস। ক্যারিবীয় এই কিংবদন্তি ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ১১৭ রানের ইনিংস, ২০১৬ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানে অপরাজিত থেকে জিতিয়েছিলেন দলকে।
বাকিদের মধ্যে ভারতের সুরেশ রায়না, পাকিস্তানের আহমেদ শেহজাদ, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককোলাম ও গ্লেন ফিলিপস, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জস বাটলার এবং দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো।