কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা সন্ত্রাসীদের দুইপক্ষ এবং পুলিশের মধ্যে ত্রিমুখী গোলাগুলিতে আবদুল মোনাফ (২৬) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) সকাল ৬টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত আরসা সন্ত্রাসী একই ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহ এর ছেলে।
৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. আমির জাফর বলেন, সকালে উখিয়ার ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র সন্ত্রাসীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।
ত্রিমুখী গোলাগুলির এক পর্যায়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিদেশি একটি পিস্তল। পরে গুলিবিদ্ধকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এডিআইজি বলেন, কী কারণে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে পুলিশ তা নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
তিনি আরো বলেন, আব্দুল মোনাফ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।