রিমান্ড শেষে আবারও কারাগারে ৫ কেএনএফ সদস্য

বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫ সদস্যকে দুই দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১২ জুন) দুপুরে তাদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। এ সময় আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তাররা হলেন রেমথাং লিয়ান বম (৩৭), সানজু খুম বম (৩৮), লাল হোম লিওন বম (৩৭), লাল রাম লিয়াং বম (৪০) এবং জোহান বম (৪৫)।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বলেন, ‘আসামিদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।’

গত ২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে একদল সশস্ত্র লোক। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। দুই দিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান তিনি। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত রুমা থানার পাঁচটি ও থানচি থানার চারটি মামলায় ৯৬ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।