গাজায় আহত বা নিহত ফিলিস্তিনিদের পরিবারের আরও এক হাজার সদস্যকে পবিত্র হজ পালনের জন্য আমন্ত্রণ জানাতে আদেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সম্প্রতি তিনি এ রাজকীয় আদেশ জারি করেন।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা থেকে শহীদ এবং আহতদের পরিবারের মোট দুই হাজার সদস্য ‘হোস্টিং ইনিশিয়েটিভের’ আওতায় ফিলিস্তিন থেকে সৌদিতে আসবেন। এর আগে গত মে মাসে চলতি বছরের হজের জন্য আরও এক হাজার সদস্যতে আমন্ত্রণ জানানো হয়েছিল।
সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুলআজিজ আল শেখ বলেছেন, ‘এই পদক্ষেপ ফিলিস্তিনের প্রতি সৌদির অবিচল সমর্থনের প্রতিফলন।’
তিনি জানান, এই উদ্যোগ গাজায় ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া কষ্টের ভার লাঘবে সাহায্য করবে। যেহেতু সৌদি আরব দেশটির প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের যুগ থেকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে।
আগামী ১৪ জুন থেকে পবিত্র হজ শুরু হওয়ার কথা রয়েছে। মক্কা কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার পর্যন্ত প্রায় ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।