আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও হারিয়ে কোপা জিততে চান রদ্রিগো

কোপা আমেরিকা শুরু হওয়া মানেই চায়ের কাপে লাতিন ফুটবলের দুই নক্ষত্র আর্জেন্টিনা-ব্রাজিল চর্চা শুরু। প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অনুশীলন করছে ব্রাজিল। সেলেসাওদের রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো মনে করেন আর্জেন্টিনাকে হারিয়ে এবারের কোপা শিরোপা ব্রাজিলে নিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে তাদের দলের।

দেশটির পত্রিকা প্লাসারে দেওয়া এক সাক্ষাতকারে রদ্রিগো বলেন, ‘প্রতিটি প্রতিযোগিতা, প্রতিটি ম্যাচে ব্রাজিল অবশ্যই ফেভারিট দল। হ্যাঁ এই মুহূর্তে আমরা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছি। তারা বিশ্ব চ্যাম্পিয়ন, কোপার চ্যাম্পিয়ন। তবে এই পরিস্থিতি বদলে ফেলার পূর্ণ সামর্থ্য আমাদের রয়েছে। ব্রাজিলকে আবারও লাতিন আমেরিকা এবং বিশ্বের সেরা দলে পরিণত করতে চাই আমরা।’

নেইমার না থাকায় এবার ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে দেখা যাবে রদ্রিগোকে। আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে এবারের কোপায় নিজেদের যাত্রা শুরু করবে ব্রাজিল।