চার মাসেই পদোন্নতি, ভারতের নতুন সেনাপ্রধান কে এই উপেন্দ্র দ্বিবেদি

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি।

২০২২ সালের ৩০ এপ্রিল ভারতের সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান মনোজ পান্ডে। গত ৩১ মে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তার মেয়াদ এক মাস বাড়ানো হয়।

কে এই উপেন্দ্র দ্বিবেদি

বর্তমানে ভারতের সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন উপেন্দ্র দ্বিবেদি। গত ফেব্রুয়ারি ১৫ থেকে তিনি এ দায়িত্বে আছেন। মাত্র চার মাসের মধ্যেই পদোন্নতি হচ্ছে তার।

উপেন্দ্র দ্বিবেদি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু-কাশ্মীর ও লাদাখে নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ পদে ছিলেন। ১৯৬৪ সালের ১ জুলাই জন্ম নেওয়া উপেন্দ্র দ্বিবেদি ভারতীয় সেনাবাহিনীতে প্রায় চার দশক ধরে কর্মরত।

জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট থেকে ১৯৮৪ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পেয়েছিলেন। কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ নানা পদে কাজ করেছেন। সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ইউএস আর্মি ওয়ার কলেজের প্রাক্তন শিক্ষার্থী উপেন্দ্র দ্বিবেদি।

এছাড়াও তিনি ডিএসএসসি ওয়েলিংটন ও আর্মি ওয়ার কলেজে পড়েছেন। আমেরিকায় ইউএসএডব্লিউর পক্ষে তাকে এনডিসি ইক্যুইভ্যালেন্ট কোর্সে ‘ডিশটিংঙ্গুইশ ফেলো’ উপাধি দেওয়া হয়।