দেশের যেকোনো নাগরিক আইন ভঙ্গ করলে যেভাবে বিচার হয়, ঠিক সেভাবেই নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসেরও বিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেছেন, ‘মামলা ও বিচার নিয়ে তিনি (ড. ইউনূস) যেসব কথা বলে বেড়াচ্ছেন, তা অসত্য এবং দেশের জনগণের জন্য অপমানজনক।’
গতকাল বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ড. ইউনূসের মামলা প্রসঙ্গে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তার (ড. ইউনূসের) বিরুদ্ধে দুদক (দুর্নীতি দমন কমিশন) একটি মামলা করেছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। বিচারাধীন মামলা সম্পর্কে তিনি (আইনমন্ত্রী) কোনো কথা বলেন না।
আইনমন্ত্রী আরও বলেন, ‘ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু কর ফাঁকির মামলাও রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হেরে যাওয়ার পর কর (ট্যাক্স) দিয়েছেন।’
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে হওয়া মামলা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘ড. ইউনূস শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছিলেন। সে কারণে শ্রম আইনে মামলা হয়েছে এবং একটি মামলায় আদালত তাকে সাজা দিয়েছে। এখনো অনেক মামলা অনিষ্পন্ন (পেন্ডিং) আছে।’
ইউরোপীয় প্রতিনিধিদলের সঙ্গে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, শ্রম আইন সংশোধন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) আইন, উপাত্ত সুরক্ষা আইন, রোহিঙ্গা ইস্যু এবং সর্বশেষ বৈষম্যবিরোধী আইন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।