কাঞ্চন পৌর নির্বাচন

জগ প্রতীকের মেয়র প্রার্থীর ৩ সমর্থককে পিটুনি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে প্রচারণা করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা জগ প্রতীকের তিন সমর্থককে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনায় আহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

আহত আনোয়ার হোসেন জানান, ২৬ জুন কাঞ্চন পৌরসভার নির্বাচনে তিনি ও তার দুই চাচাতো ভাই নাঈম ও রতন জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। এর জের ধরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকরা মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাদশার সমর্থক দেওয়ান নবীউর, মো. আওলাদ, মো. আল-আমিন, মো. জাহাঙ্গীর, মো. শাহজালাল, মো. মোকারম, দেওয়ান রিপন, মো. দেওয়ান তারেক, দেওয়ান ইকবাল, দেওয়ান মুকবুলসহ অজ্ঞাতরা তাদের ওপর হামলা চালায়।

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়েছি।