পল্টনে বহুতল ভবনে আগুন নারীসহ আহত ৪

রাজধানীর পল্টনে একটি বহুতল ভবনে আগুন লেগে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ফায়েনাজ টাওয়ার নামে ভবনটিতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়েনাজ টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। তীব্রতা বেশি থাকায় পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণকাজে যোগ দেয়। ১৫ তলা ভবনটির পাঁচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।