কাল থেকে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা!

চলতি বছরের ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (১৩ জুন)। এবার টানা পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। তবে অনেকেই এক দিন ছুটি নিয়ে এবার ঈদুল আজহায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন। তবে এ ছুটির মধ্যে চার দিনই থাকছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। দেশের আকাশে গত শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন, যা চলবে ১৮ জুন পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তবে অনেকেরই আবার ১৯ জুন (বুধবার) ঐচ্ছিক ছুটি। এর সঙ্গে ২০ জুন (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। কারণ পরের পরের ২১ ও ২২ জুন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে।