স্টপ ক্লক নিয়মে প্রথম সুবিধা পেল ভারত

নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বুধবার যুক্তরাষ্ট্রের করা ১১০ রানের জবাবে শুরুতে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। শেষ চার ওভারে দরকার ছিল ২৯ রান। তখনই ৫ পেনাল্টি রান পায় ভারত।

২৪ বলে ২৯ থেকে লক্ষ্যটা কমে দাঁড়াল ২৪ বলে ২৪-এ! অবশ্য শেষ পর্যন্ত ভারত ম্যাচটা জেতে ১০ বল হাতে রেখে ৭ উইকেটে।

কি হয়েছিল তখন? ক্রিকেটে গত ১ জুন থেকে চালু হয়েছে স্টপ ক্লক। তাতে দুই ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। যদি কোনও দল একই ম্যাচে তিন বার দুই ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়, তা হলে বিপক্ষ দল ৫ রান পাবে। এই নিয়মেই প্রথমবার পেনাল্টি ৫ রান পেয়েছে ভারত।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোন্স অবশ্য আম্পায়ারের সঙ্গে কথা বলেন কিছুক্ষণ। তারপর মেনে নেন এই পেনাল্টি রান।