যুক্তরাষ্ট্রকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে বলল হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় হামাস।

এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চালাতে সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বিবৃতিতে হামাস জানায় তারা ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় পূর্ণ ইতিবাচকতা দেখিয়েছে। পাশাপাশি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলের উপর "চাপ" দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

হামাস বিবৃতিতে আরও বলেছে, ‘অ্যান্টনি ব্লিঙ্কেন ক্রমাগত বলছেন যে, ইসরায়েল বাইডেন দ্বারা প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু আমরা এখনো এ বিষয়ে ইসরায়েলি কোনো কর্মকর্তাকে কথা বলতে শুনিনি।’

এ সময় বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেনকে ইসরায়েলের ওপর সরাসরি চাপ দিতে আহ্বান জানায় হামাস যাতে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়।

গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তিন ধাপের গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন। ওই প্রস্তাবের ওপর গত মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। যদিও এ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে খোলাসা করে কিছু জানায়নি ইসরায়েল।

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪টি। বিপক্ষে কোনো ভোট না পড়লেও মার্কিন-সমর্থিত প্রস্তাবটি নিয়ে রাশিয়া ভোটদানে বিরত ছিল।

তবে এরপরও গাজাতে হামলা থামায়নি দখলদার দেশ ইসরায়েল। বরং প্রতিনিয়ত হামলা আর তীব্র করছে ইসরায়েলি বাহিনী।