‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক, এরপর পার করে দিয়েছেন ৩২ বছর। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন। যদিও তখন কেউ আন্দাজ করেননি, সেই শাহরুখ খান আজ টিনসেল টাউনের শিখরে থাকবেন।
‘দিওয়ানা’ ছবিটি প্রথমে মুক্তি পেলেও তার আগেই অন্য একটি ছবির কাজ হাতে নিয়েছিলেন শাহরুখ। সেই ছবির নাম ‘কাভি হা কাভি না’। এই ছবির চুক্তিতেই প্রথম সই করেছিলেন তিনি। পরিচালক ছিলেন কুন্দন শাহ। আর সিনেমাটির গানের কোরিওগ্রাফি করেছিলেন ফারাহ খান। শাহরুখ নাকি ফারাহর থেকে বেশ অনেক কম পারিশ্রমিক পেয়েছিলেন সেই ছবিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক তথা কোরিওগ্রাফার ফারাহ। সেখানেই গর্বের সঙ্গে তিনি বলেন যে, শাহরুখের থেকেও অনেক বেশি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
সেই সাক্ষাৎকারে ফারাহ বলেছিলেন, ‘ছবিটির বাজেট খুব কম ছিল। মাত্র ২৫ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন শাহরুখ। কিন্তু ওই ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলাম আমি। প্রতিটি গানের জন্য আমি পাঁচ হাজার রুপি করে পেয়েছিলাম। ছ’টি গানের কোরিওগ্রাফি করে মোট ৩০ হাজার রুপি পেয়েছিলাম। আমাদের একজন সহকারী রাখারও ক্ষমতা ছিল না।’
এই ছবির সময় থেকেই শাহরুখ ও ফারাহর বন্ধুত্ব শুরু হয়। এর পরে একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন দু’জনে। ফারাহর প্রথম পরিচালিত ছবি ‘ম্যায় হুঁ না’ তেও নায়কের চরিত্রে ছিলেন শাহরুখ। এর পরে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।