সালমান খানের বাড়ি গুলিবর্ষণের ঘটনায় অভিনেতার জবানবন্দি নিল মুম্বাই পুলিশ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অপরাধ দমন শাখার চার জনের একটি দল পৌঁছায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। প্রায় ৪ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে কথা হয় সালমানের। তবে শুধু সালমানই নয়, এই কাণ্ডে তার ভাই আরবাজেরও বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর।
ঘটনাটি ঘটেছিল ১৪ এপ্রিল। সালমান খানের বাড়ি অর্থাৎ মুম্বাই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। গুলিবর্ষণের ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ভিকি গুপ্ত (২৪) ও সাগর পালকে (২১) গ্রেপ্তার করে ভুজ পুলিশ। ধৃতদের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়।
যার মধ্যে একজনের আবার হাজতেই মৃত্যু হয়। মৃতের নাম অনুজ থাপন। তার মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে বম্বে হাই কোর্টে মামলা হয়। অভিযোগ পত্রে সালমান খানের নামও ছিল। সেই নাম সরানোর নির্দেশ দিয়েছে আদালত।
যে মানুষটা নিজে ঘটনার ভুক্তভোগী তার নাম কেন পিটিশনে রাখা হয়েছে? প্রশ্ন দুই বিচারপতির। এর কোনও যুক্তি নেই বলেই মনে করেন তারা। তার চেয়ে মূল বিষয়ের উপর জোর দেওয়া উচিত। সেই কারণেই সালমান খানের নাম এই মামলা থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তেই কিছুটা স্বস্তিতে সালমান অনুরাগীরা। অন্তত এই মামলা থেকে ভাইজান রেহাই পেলেন, এমনই মত তাদের।
এদিকে শোনা যাচ্ছে, কড়া নিরাপত্তার মধ্যেই এ আর মুরুগাদোসের অ্যাকশন সিনেমার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সালমান।