দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে আগামীকাল ১৪ জুন একসঙ্গে তিনটি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’। উইল স্মিথ ও মার্টিন লরেন্সের চমৎকার রসায়নের এ ছবি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। এ ছাড়া অন্য সিনেমাগুলো হলো, ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম. নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন নির্মিত সুপারন্যাচারাল হরর ছবি ‘দ্য ওয়াচার্স’ এবং জাপানের জনপ্রিয় অ্যানিমে সিনেমা ‘হাইকু! দ্য ডাম্পস্টার ব্যাটেল’।
কাঙ্খিত এ ছবিগুলো এবার দেশের প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শকরা। ছবিগুলো দেশের দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।
বহুল আলোচিত অ্যাকশন-কমেডি ছবি ‘ব্যাড বয়েজ’ আলাদা দর্শকশ্রেনী তৈরি করেছে। এর আগে এই সিরিজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। সবগুলো ছবিই দর্শকদের তুমুল সাড়া পেয়েছে এবং বক্স অফিসে সফল হয়েছে। এবার পর্দায় এসেছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’। আগের তিন কিস্তির মতো এখানেও প্রধান চরিত্র তথা ব্যাড বয়েজের ভূমিকায় থাকছেন উইল স্মিথ ও মার্টিন লরেন্স। আরো একবার তাদের হাস্যরস আর মারমুখী রসায়ন দেখবে দর্শক। অভিনয়ে আরো আছেন ভেনেসা হুগেনস, আলেকজান্ডার লাডউইগ, এরিক ডেন প্রমুখ। ১০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি প্রযোজনা করেছে কলম্বিয়া পিকচার্স। পরিবেশনায় সনি পিকচার্স।
অন্যদিকে অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘দ্য ওয়াচার্স’। এ ছবির মধ্য দিয়ে হলিউডের সিনেমা পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ইশানার। অ্যাপল টিভি প্লাসের ‘সারভ্যান্ট’ সিরিজের কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনার জন্য ইশানা বেশ প্রশংসা অর্জন করেছেন। এ ছাড়া তার বাবার ‘ওল্ড’ (২০২১) এবং ‘নক অ্যাট দ্য কেবিন’ (২০২৩) নির্মাণে জড়িত ছিলেন তিনি। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডেকোটা ফ্যানিং। আরও রয়েছেন জর্জিনা ক্যাম্পবেল ওলয়েন ফোয়েরে, শ্যান ওরেগ্যান ও অলিভার ফিনেগানের মতো তারকা।
হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল-এ দেখা যাবে স্প্রিং ন্যাশনালের তৃতীয় রাউন্ডে প্রথমবারের মতো অফিসিয়াল ম্যাচে কারাসুনো হাই স্কুল এবং নেকোমা হাই স্কুল একে অপরের মুখোমুখি হয়। কারাসুনো এবং নেকোমার দীর্ঘ দিনের স্বপ্ন ডাম্পস্টার যুদ্ধ। বিগত বছরে অসংখ্য অনুশীলন ম্যাচের পর, শো হিনাতা এবং কেনমা কোজুমে অবশেষে একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পান। এই খেলাকে কেন্দ্র করে তৈরি হয় চমৎকার সব ঘটনা। সুসুমু মিতসুনাকা পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন আয়ুমু মুরাসে, কাইতো ইশিকাওয়া, ইউকি কাজি এবং ইউইচি নাকামুরা প্রমুখ।