আর দিন দুয়েকের অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল রাত থেকে শুরু হবে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ। জার্মানির ১০ ভেন্যুতে হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানি খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
ক্লাব ফুটবলে দারুণ মৌসুম কাটিয়েছেন জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। ইউরোতে ইংল্যান্ডের হয়ে তিনি কেমন করবেন সেটি দেখার অপেক্ষা। কিলিয়ান এমবাপ্পের দিকেও থাকবে নজর। বিশ্বকাপের চেয়ে ইউরো কঠিন বলে মন্তব্য করে তোপের মুখে আছেন এই ফরাসি ফরোয়ার্ড।
দেখে নেওয়া যাক ইউরোতে নজর থাকবে যে ১০ খেলোয়াড়ের ওপর -
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) : ইংল্যান্ডের মিডফিল্ডে অন্যতম ভরসা জুড বেলিংহ্যাম। ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের হয়ে শুধু লা লিগাতেই করেছেন ১৮ গোল। রিয়ালের ১৫তম চ্যাম্পিয়নস লিগ জয়েও রেখেছেন ভূমিকা।
ফ্লোরিয়ান উইর্টজ (জার্মানি) : বুন্দেসলিগার গেল মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন ফ্লোরিয়ান উইর্টজ। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুসেনের জার্মান লিগ শিরোপা জয়ে দারুণ ভূমিকা ছিল জার্মান এই মিডফিল্ডারের। ১১টি করে অ্যাসিস্ট ও গোল করেছেন।
জাভি সিমন্স (নেদারল্যান্ডস) : ২১ বছর বয়সী তরুণ জাভি সিমন্স ২০২৩-২৪ মৌসুমটা খেলেছেন আরবি লাইপজিগে। দুই উইংয়েই খেলতে পারেন ডাচ এই ফুটবলার। তার শুরুটা বার্সেলোনার লা মেসিয়া অ্যাকাডেমিতে। গোলের দারুণ সব সুযোগ তৈরী করে দিতে পারেন তিনি।
রাসমুস হইলুন্ড (ডেনমার্ক) : হইলুন্ড ক্লাব পর্যায়ে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২৩-২৪ মৌসুমে ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৪৩ ম্যাচে ১৬ গোল ও দুটি অ্যাসিস্ট করেন। ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে গোল সংখ্যা দুই অঙ্কের ঘরে নিয়েছেন। ইউরোর বাছাইয়ে ডেনমার্কের হয়ে করেছেন ৭ গোল।
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) : ক্লাব বদলেছেন কিলিয়ান এমবাপ্পে। ইউরোতে তিনি খেলতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে। স্পেনের ক্লাবটির হয়ে নতুন মৌসুম শুরুর আগে এমবাপ্পে কেমন খেলেন সেটিও নজরে রাখবেন সমর্থকরা। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে পিএসজির হয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল।
কেনান ইলদিজ (তুরস্ক) : ১৯ বছরের তরুণ কেনান ইলদিজ খেলেন জুভেন্তাসে। তুরস্কের এই তরুণ ফরোয়ার্ডের দিকে থাকবে বাড়তি নজর। গেল নভেম্বরে জার্মানির বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন ইলদিজ। এই ফুটবলারের মা জার্মানির, বাবা তুরস্কের। ইলদিজের জন্ম হয় জার্মানির রেগেনসবার্গ শহরে।
লামিন ইয়ামাল (স্পেন) : তরুণ খেলোয়াড় হিসেবে এরই মধ্যে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল। স্পেন দলের হয়ে সর্ব কনিষ্ঠ গোলদাতা, লা লিগায় সর্ব কনিষ্ঠ গোলদাতার রেকর্ড তারই দখলে। তাই বার্সেলোনাতে খেলা এই তরুণ উইঙ্গারের দিকে থাকবে আলাদা নজর।
ফিল ফোডেন (ইংল্যান্ড) : ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৩-২৪ মৌসুমে সেরা খেলোয়াড় হয়েছেন ফিল ফোডেন। ইপিএলে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেন তিনি। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সিটির লিগ শিরোপা জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। ইংল্যান্ড দলের তাকে হয়তো একই পজিশনে খেলাবেন কোচ সাউথগেট।
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম) : বেলজিয়ামের প্লে-মেকার কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির ইপিএল শিরোপা জয়ে রেখেছেন ভূমিকা। তার দুর্দান্ত সব অ্যাসিস্টে বিষ্মিত হন প্রতিপক্ষের খেলোয়াড়রা। ২০২৩-২৪ মৌসুমেও ম্যানসিটির হয়ে ২৬ ম্যাচ খেলে ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। গোল করেন ৬টি।
জাসকো গাভার্দিওল (ক্রোয়েশিয়া) : গাভার্দিওল সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেই আসেন ম্যানসিটিতে। তবে বল নিয়ে আক্রমণে ওঠেন ভালোই। লেফট ব্যাক দিয়ে উঠে গোলও করেন। মৌসুমে সিটির হয়ে করেছেন পাঁচটি গোল।