তামিমের বিশ্বাস, সাকিব ব্যাটে-বলে অবদান রাখার ‘উপায় বের করে নেবে’

সাকিব আল হাসানের সাম্প্রতিক ফর্মে পড়েছে ভাটা। এ বছর খেলেছেন ৭ টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে একশর নিচে স্ট্রাইক রেট তার। করেছেন মাত্র ৬৯ রান। সবশেষ ১৯ ইনিংসে পাননি কোনো ফিফটির দেখাও। সেই অফ ফর্মের ধারাবাহিকতা রেখেছেন এবারের বিশ্বকাপেও।

শ্রীলঙ্কার বিপক্ষে ৮ করা সাকিবের ব্যাট থেকে দক্ষিণ আফ্রিকার ম্যাচে এসেছে মাত্র ৩ রান। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফিরে গিয়ে বরং বাংলাদেশকে আরও বিপদে ফেলেছেন। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সময়টা একেবারে ভালো যাচ্ছে না তার। এবছর ৭ ম্যাচে বোলিং করে মাত্র ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচেই নিয়েছিলেন চারটি উইকেট। অর্থাৎ বাকি ৫ ম্যাচে সাকিবের শিকার মাত্র দুটি উইকেট।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং করেছিলেন মাত্র এক ওভার। দুই ম্যাচ মিলে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটের দেখা পাননি সাকিবকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন ফর্ম ভাবিয়ে তুলছে সবাইকে।

যদিও তামিম ইকবাল বিশ্বাস করেন, দলের হয়ে অবদান রাখার জন্য ঠিকই উপায় খুঁজে বের করে নেবেন সাকিব। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে সাকিবকে নিয়ে তামিম বলেন, ‘সে (সাকিব) এরকম সময় আগেও তার ক্যারিয়ারে দেখেছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং আমি মোটামুটি নিশ্চিত সে খারাপ সময় থেকে ভালোভাবে বেরিয়ে আসবে।’

তিনি যোগ করেন, ‘সে বাংলাদেশের জন্য খুব বড় ক্রিকেটার এবং অনেক ভালো জিনিস করেছে। অনেক অর্জন করেছে ব্যক্তিগতভাবে। শেষ এক বছরে সে অত বেশি রান করতে পারেনি। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে তার ওপর যে সে ব্যাটে-বলে অবদান রাখার উপায় বের করে নেবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ১০ বছর পর ক্রিকেট ফেরা সেন্ট ভিনসেন্টে খেলবেন নাজমুল হোসেন শান্তরা। অনেকটা মিরপুরের মতো ধীরগতির উইকেট হওয়ায় সাকিবদের সঙ্গে মিলে যাবে বলে মনে করেন তামিম। বাঁহাতি এই ওপেনার, বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করেছেন।

বাংলাদেশের ম্যাচের উইকেট নিয়ে তামিম বলেন, ‘সেন্ট ভিনসেন্ট ভেন্যু নিয়ে আমি যতটুকু তথ্য পেয়েছি তাতে উইকেট বাংলাদেশের সঙ্গে স্যুট করবে কারণ তাদের ভালো স্পিনার আছে। স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে যতটুকু শুনেছি তাতে উইকেট একটু ধীরগতির হবে।’