গবেষণার জন্য ৪৩৮ জন চিকিৎসককে ৫ কোটি ৩১ লাখ ৪৩ হাজার টাকা অনুদান দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এর মধ্যে একজন চিকিৎসককে সর্বোচ্চ দেড় লাখ টাকার গবেষণা মঞ্জুরি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক ২০২৩-২০২৪ অর্থ বছরের গবেষণার (থিথিস গ্রান্টের) এসব চেক চিকিৎসকদের হাতে তুলে দেন।
এ সময় উপাচার্য বলেন, গবেষণার মান আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে। গবেষণা হতে হবে সম্পূর্ণ। এক সঙ্গে এত সংখ্যক চিকিৎসক-ছাত্রছাত্রীকে গবেষণার জন্য অনুদান প্রদান করা বিশ্বে বিরল। এটা গিনেস বুকে স্থান পাওয়া দাবি রাখে।
উপাচার্য গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে চিকিৎসকদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার প্রতি অত্যন্ত আন্তরিক। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনও গবেষণার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছে। যাতে বিশ্বমানের গবেষণার পাশাপাশি রোগীদের কল্যাণ করা যায়।
অনুষ্ঠানে বলা হয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞানে গবেষণা খুবই অপরিহার্য ও এর কোনো বিকল্প নেই। রোগ প্রতিরোধ, নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ, ভ্যাকসিন আবিষ্কার, সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়া, রোগের ধরন, গতি, প্রকৃতি সম্পর্কে জানা, চিকিৎসাসেবা ও রোগীর প্রয়োজনে নিত্যনতুন চিকিৎসা পদ্ধতি ও ওষুধ আবিষ্কারসহ ইত্যাদি প্রয়োজন মেটাতে চিকিৎসা বিজ্ঞানে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা এখন সময়ের দাবি।