লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত ভারতের উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পর্যটনের জন্য বিখ্যাত লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যেরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত তাদের উদ্ধারের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রশাসন।
রাজ্য সরকার জানিয়েছে, বিপর্যয়ের জেরে সিকিমে এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিন জন নেপানের এবং দুইজন থাইল্যান্ডের বাসিন্দা। তাদের কীভাবে দ্রুত উদ্ধার করা সম্ভব, সেই বিষয় নিয়েই ভাবছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রের রাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গন ও চুংথাংয়ের সংযোগকারী বেইলি সেতুটি ভেঙে গিয়েছে। ধসের জেরে বহু রাস্তা বন্ধ। বহু বাড়ি তছনছ হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে শুরুর দিকে পৌঁছাতে সমস্যা হচ্ছিল। ধীরে ধীরে সেই সমস্যা মিটছে। আটকে পড়া পর্যটকরাও সুস্থই রয়েছেন। আবহাওয়া ভাল হলে যাতে তাদের বিমানে উদ্ধার করা যায়, তার জন্যই ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। সড়কপথেও কীভাবে পর্যটকদের উদ্ধার করা সম্ভব, তাও দেখা হচ্ছে।
এই অবস্থায় অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে গিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং। সেখান থেকে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। ঘরহারাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার।’