৫ মাসে ৪৬১ আত্মহত্যা

মহারাষ্ট্রে দড়ির ফাঁসে ‘মুক্তি খুঁজছে’ কৃষক

কৃষকদের স্বার্থরক্ষায় ভারতের কেন্দ্রীয় সরকার যতই গালভরা প্রতিশ্রুতি দিক না কেন, ভালো নেই সে দেশের কৃষকরা। রিপোর্ট বলছে, দড়ির ফাঁসেই যেন রেহাই খুঁজছেন তারা।

ভারতজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে কৃষক আত্মহত্যার ঘটনা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। রাজ্য সরকারের পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলে গত ৫ মাসে ৪৬১ জন কৃষক আত্মহত্যা করেছেন। পাশাপাশি অমরাবতী জেলায় ৫ মাসে এই আত্মহত্যার সংখ্যাটা ১৪৩।

সরকারি রিপোর্ট বলছে, অমরাবতী ছাড়া অকোলা জেলায় ৮২, যবনমালে ১৩২ বুলদানায় ৮৩, ওয়াসিম জেলায় ২১ জন আত্মহত্যা করেছেন গত ৫ মাসে। সরকারিভাবে দাবি করা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, অসময়ের বৃষ্টি এবং ফসল উৎপাদনে অনুপযোগী বন্ধ্যা জমিই এর মূল কারণ। খবর সংবাদ প্রতিদিনের।
 
তবে কৃষকরা বলছেন, আরও বড় কারণ হলো ফসলের পর্যাপ্ত মূল্য না পাওয়া এবং কৃষি ক্ষেত্রে সরকারের ভুল নীতি। এর জেরেই দেনার দায়ে আত্মহত্যা করছেন কৃষকরা। এদিকে যে রিপোর্ট সামনে এসেছে তা মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলের জেলাগুলোর জানুয়ারি থেকে মে মাসের রিপোর্ট। পুরো মহারাষ্ট্র হিসাব করলে সংখ্যাটা আরও বাড়বে।