আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সাজানো হয়েছে দেশের সর্ববৃহৎ গাবতলী পশুর হাট। কোরবানি উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে। তবে এবার এই পশু হাটের মূল আকর্ষণ পাকিস্তান থেকে আগত দুটি উটকে ঘিরে। উট দুটি দেখতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ ও ক্রেতারা। দরদাম করছেন কেউ কেউ। বিক্রেতা দাম হাঁকাচ্ছেন একটি ২৮ লাখ, আরেকটি ২৭ লাখ টাকা।
সরেজমিনে গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, বিদেশি এ পশু দুটিকে দেখতে উৎসুক জনতার ভিড় পড়েছে। কেউ কেউ উট দুটির সাথে ছবি তুলতে ব্যস্ত। অনেকে উট দুটিকে একটু ছুঁয়ে মেতেছেন আনন্দ উল্লাসে।
এ বিষয়ে উট দুটির মালিক বিশিষ্ট পশু ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, প্রতি বছরই আমি ভারতের রাজস্থান, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে উট আমদানি করি। এবার পাকিস্তান থেকে দুটি উট এনে হাটে তুলেছি। ৩৫ লাখ টাকা হারে দুটি উটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ টাকা। তবে এ পর্যন্ত হাটে উট দুটির ক্রেতার চেয়ে উৎসুক দর্শনার্থীদের সংখ্যাই বেশি। কেউ কেউ এসে উটের দাম জানতে চাইলেও বেশির ভাগই ছবি তুলে, ভিডিও করে চলে যাচ্ছেন।
দুটি উট ৭০ লাখ টাকায় বিক্রি হবে কিনা, না হলে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আমজাদ হোসেন বলেন, ব্যবসাই মূল উদ্দেশ্য নয়, এটি আমার শখের জায়গাও বটে। যেহেতু হাট এখনো জমেনি সেহেতু নিরাশ হওয়ার কিছুই নেই। এ পর্যন্ত দুটি উটের দাম ৪৪ লাখ টাকা পর্যন্ত উঠেছে। আশা করি নির্ধারিত দামেই বিক্রি হবে পশু দুটি।