গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড ২০২৪’। সফল সন্তানদের নিয়ে গর্বিত এমন ২৫ জন বাবাকে এ সম্মাননা দেওয়া হয়। বিশ্ব বাবা দিবসকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সহযোগিতায় বাবা দিবস উপলক্ষে গর্বিত বাবাদের সম্মানিত করতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, কানাডিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আ. গাফফার, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সভাপতি এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারি ও প্রোগ্রাম পরিচালক মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বাবার স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যখন আমি ছাত্র রাজনীতি করতাম তখন বাবা লুকিয়ে আমার বালিশের নিচে টাকা দিয়ে যেত। আমি একবার এক্সিডেন্ট করেছিলাম। তখন বাবা সারাক্ষণ আমার পাশে বসে থাকত। একজন সন্তানের মানুষ হওয়ায় পেছনে মায়ের সাথে বাবারও অবদান অনেক।
পরে সকল গর্বিত বাবাদের নিয়ে বাবা দিবসের কেক কাটেন অতিথিরা। বাবাদের হাতে অ্যাওয়ার্ড এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ বছর ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড’ প্রাপ্তরা হলেন- পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলীর গর্বিত বাবা লেয়াকত আলী, জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের গর্বিত বাবা হেদায়েত উল্লাহ বেপারি, মঞ্চ অভিনেত্রী ও নির্দেশক এষা ইউসুফের গর্বিত বাবা নাসির উদ্দিন ইউসুফ, চাষাবাদ বিশেষজ্ঞ ও গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা মুহাম্মদ রকিবুল আহসান রনির গর্বিত বাবা আহসান কবির, গীতিকার এবং কর্পোরেট ব্যক্তিত্ব তুষার হাসানের গর্বিত বাবা আব্দুর রহমান, চলচ্চিত্র অভিনেতা এবং ব্যরিস্টার সিয়াম আহমেদের গর্বিত বাবা নাসির উদ্দিন, জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির গর্বিত বাবা মো. সিরাজুল হক, নেচার কনজারভেনসি অব্দ কানাডা’তে কর্মরত সৈয়দা জারীন রাফার গর্বিত বাবা সৈয়দ ইশতিয়াক রেজা, অভিনেত্রী এবং মডেল রুনা খানের গর্বিত বাবা ফরহাদ খান, লেখক ও সাংবাদিক মোহসীন উল হাকিমের গর্বিত বাবা মেজর মুহাম্মদ আব্দুল হাকিম (অব.), লেখক এবং সাংবাদিক মোস্তফা মামুনের গর্বিত বাবা মোহাম্মদ আব্দুল হান্নান, অভিনেত্রী এবং মডেল সাবিলা নূরের গর্বিত বাবা নূরুর করিম, গর্বিত তিন ছেলে যথাক্রমে মো. আবরারুল হক ওয়ালী, মো. জুনায়েদ হাফিজ ওয়ালি, মো. তাহমিদ ইয়ামিন ওয়ালির গর্বিত বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসএম অলিউর রহমান, সমাজকর্মী ও প্রতিষ্ঠাতা সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. শাহাদত হোসেনের গর্বিত বাবা মো. সোবাহান খাঁন, চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল তমা মির্জার গর্বিত বাবা মির্জা আবু জাফর, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদের গর্বিত বাবা আব্দুর রশীদ, মার্কেটিয়ার মো. তাজদিন হাসানের গর্বিত বাবা মো. এনামুল হাসান, নারী উদ্যোক্তা ও সমাজকর্মী তাকিয়া সুলতানা নোভার গর্বিত বাবা আনোয়ারুল আলম মিলন, সফল তিন ছেলে যথাক্রমে খন্দকার মোস্তাফিজুর রহমান, খন্দকার শফিকুল ইসলাম ও খন্দকার মাহমুদুল হকের গর্বিত বাবা মো. শাহজাহান খন্দকার, অভিনেত্রী এবং মডেল সাফা কবিরের গর্বিত বাবা হুমায়ুন কবির সবুজ, লেটস টক মেন্টাল হেলথের প্রেসিডেন্ট আনুশা চৌধুরীর গর্বিত বাবা অজিত চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা এবং মডেল সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতির গর্বিত বাবা বৃন্দাবন দাস, ডা. বিপাশা নাজনীন ও জান্নাতুল ফেরদৌসের গর্বিত বাবা মো. আখতারুল হক, আর্কিটেক্ট সাইদা আক্তার মুমুর গর্বিত বাবা মোহাম্মদ শাহ আলম খান, তথ্যপ্রযুক্তিবিদ ও উদ্যোক্তা শাহরিয়ার খানের গর্বিত বাবা মুক্তিযোদ্ধা ড. মো. জামান খান।