দিন সাতেক পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। তার আগে শেষ প্রস্তুতিটা সেরে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ সকালে গুয়াতেমালার বিপক্ষে তারা পেয়েছে দাপুটে জয়। লিওনেল মেসি করেছেন জোড়া গোল। ৩৯ মিনিটে লাউতারো মার্তিনেজকে পেনাল্টির সুযোগ না দিয়ে নিজে নিলে করতে পারতে হ্যাটট্রিক। এমনকি ৬৬ মিনিটে লাউতারো যে গোলটি তার সহায়তায় করেছেন সেটা নিজেও চেষ্টা করতে পারতেন। তবে গোল সংখ্যা বাড়ানোর চেয়ে দলের সেরা প্রস্তুতিতেই মনোযোগ ছিল মেসির।
ম্যাচ শেষে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বলেছেন, দল এখন ঐক্যবদ্ধ এবং কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।
গুয়াতেমালার বিপক্ষে জয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ।’ এর আগে ম্যাচ শেষেও কথা বলেছেন মেসি।
যেখানে কোপা আমেরিকার প্রস্তুতিতে সন্তুষ্ট জানিয়ে মেসি বলেছেন, ‘এই দল প্রতিটি অনুশীলনে সেই একই রকম আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে। প্রতিবার মাঠে নামার আগে যা বলি, সেটাই বলব, আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাব।’
তবে কোপা আমেরিকার চ্যালেঞ্জটা যে সহজ হবে না, সেটি মনে করিয়ে দিয়ে মেসি আরও বলেছেন, ‘কাজটা সামনে আরও কঠিন হবে। কোনো কিছুই সহজ হবে না। ম্যাচগুলো প্রতিনিয়ত আরও বেশি কঠিন হবে। জয় পাওয়া জটিল হয়ে উঠবে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব।’
আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে আর্জেন্টিনা।