ঈদের আগে বাড়ির পাশে মিলল কলেজছাত্রীর মরদেহ

পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে শাহিদা বেগম (১৯) নামের কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিদা বামনপড়া গ্রামের হারুনের মেয়ে এবং হাজি সফির উদ্দীন মহিলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয় শাহিদা। এরপর দিনভর আর বাড়িতে না ফেরায় খোঁজাখোঁজির পর তার বাবা হারুন সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। একদিন পর শনিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে তাদের নিজস্ব ডোবায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, ওই ছাত্রীর বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।