চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল সোয়া ৮টায় হবে দ্বিতীয় জামাত। গতকাল শনিবার দুপুরে জমিয়তুল ফালাহ মাঠ পরিদর্শন করেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান আর শামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় সিসিটিভি দ্বারা মনিটরিংসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।
জমিয়তুল ফালাহ ছাড়াও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নয়টি মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হবে। মসজিদগুলো হলো লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন)। এ ছাড়া নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত স্ব স্ব মসজিদ-ঈদগাহে অনুষ্ঠিত হবে।