স্বাস্থ্যমন্ত্রী বললেন

নিষিদ্ধ হ্যালোসিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা

দেশে অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করার জন্য ব্যবহৃত নিষিদ্ধ হ্যালোথেন গ্রুপের ওষুধ হ্যালোসিন যেখানে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধটির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এটি ব্যবহার করার অধিকার কারও নেই।

এটি বিক্রির দায়ে রাজধানী থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চেতনানাশক এই ওষুধের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। মানুষের জীবন নেওয়া খেলতে দেওয়া হবে না।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘এই নিষিদ্ধ চেতনানাশক ব্যবহার করা হলে ক্লিনিকগুলোর লাইসেন্স বাতিল করা করা হবে। পরিপত্র জারি করে এই ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা যেখানেই পাব সেখানেই আইনগত ব্যবস্থা নেব। আসল-নকল পরের কথা, ব্যানড মানে ব্যানড।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।