রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও ফায়ার সার্ভিসের লিডার মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মালিবাগ রেলগেট থেকে ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই তিনি মারা যান। খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত আলম হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি জানান, তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার বটগ্রাম গ্রামে।
বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া ব্রিজ এলাকায় থাকেন। তার বাবা নন্দিপাড়া এলাকায় পান সুপারি বিক্রি করতেন। সকালে মালিবাগ যান পান সুপারি কিনতে। দুপুরে তারা জানতে পারেন, বাবা মালিবাগে ট্রেনে কাটা পরেছেন। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পান তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।