শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। নিয়মরক্ষার ম্যাচেও কোনো রকমে জিতেছেন বাবর আজমেরা। সে দিনই পাকিস্তানের ক্রিকেটে ক্ষমতা দখলের লড়াই প্রকাশ্যে এসেছে।
মহসিন নাকভিকে সরিয়ে বোর্ডের প্রধান হতে চাইলেন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবী চাহাত ফতেহ আলি খান। সম্প্রতি 'বাদো বাদী' নামে তার একটি গানও ভাইরাল হয়েছে। যে গান নিয়ে ট্রল হচ্ছে অনেক।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রাক্তন কোনো ক্রিকেটারকে দরকার, যার ‘অভিজ্ঞতা’ এবং ‘পরিকল্পনা’ রয়েছে। বড় মাপের ক্রিকেটার না হলেও চাহাত নিজেই সেই জায়গায় বসতে চান।
এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি পিসিবির দায়িত্ব নিতে চাই। তা হলে ক্রিকেটকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে পারব। আমাকে চেয়ারম্যান করা হলে ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের পারফরম্যান্সের উপরে খেয়াল রাখব। সপ্তাহে চার দিন কোচিংয়ের ব্যবস্থা করব। শৃঙ্খলাকে সবচেয়ে গুরুত্ব দেব। কাউকে মাথা গলাতে দেব না।'
তিনি নাকভিকে সরাতে চান কি না সে প্রশ্নের জবাবে চাহাত বলেছেন, 'তার সমালোচনা করছি না। নিজের প্রস্তাবটা জানিয়ে রাখলাম। উনি দেশের অভ্যন্তরীণ মন্ত্রী। অনেক দায়িত্ব রয়েছে। তাই আমার মনে হয় চেয়ারম্যানের দায়িত্ব আমাকে দেওয়া উচিত। তাকে অশ্রদ্ধা না করেই কথাটা বলছি।'
অতীতে চাহাত ঘরোয়া ক্রিকেটে দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তার পরে ইংল্যান্ডে চলে যান। ওয়াকার ইউনিস, মোস্তাক আহমেদ, সাইদ আনোয়ার-সহ অনেক ক্রিকেটারের উত্থানের নেপথ্যে তার হাত রয়েছে বলে মনে করা হয়।