প্যারিস অলিম্পিকে খেলবেন বাংলার আরচার সাগর

তুরস্কের আনাতোলিয়ায় হওয়া অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে রৌপ্য পদক জেতার পাশাপাশি প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের সাগর ইসলাম। আরচার সাগর বিকেএসপির একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সেমিফাইনালে কিউবার ফ্রাঙ্কো হুগোকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি অলিম্পিকেও জায়গা করে নেন সাগর। অবশ্য ফাইনালে উজবেকিস্তানের সাদিকভ আমিরখনের কাছে ৬-০ সেটে হেরে যান তিনি।

তুরস্ক থেকে বাংলাদেশ আরচারি দলের ম্যানেজার কামরুল ইসলাম কিরণ ও জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, ‘আজ সকালে আমাদের মিটিংয়ে নিশ্চিত করা হয়েছে পাঁচ জন অলিম্পিক খেলার সুযোগ পাবে। আমাদের সাগর সেমিফাইনালে ওঠায় আমাদের অলিম্পিক কোটা নিশ্চিত হয়েছে।’

২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবারও বাংলাদেশ সরাসরি খেলতে যাচ্ছে। ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ অলিম্পিকে অংশগ্রহণ করে। সব ক্ষেত্রেই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। কেবল ২০১৬ সালে গলফার সিদ্দিক র‌্যাঙ্কিংয়ে থাকায় ও ২০২০ সালে রোমান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাগর