বাড়ছে জীবনযাত্রার খরচ, বিশ্বের ব্যয়বহুল শহরে ১৪ ধাপ এগিয়ে ঢাকা

রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ফলে বাড়ছে জীবনযাত্রার খরচ। এতে করে প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় ১৪ ধাপ এগিয়েছে ঢাকা। 

এছাড়া দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর হিসেবেও অবস্থান করছে ঢাকা। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ব্যয়বহুল শহর ভারতের মুম্বাই।

সোমবার (১৭ জুন) প্রকাশিত মারসার কস্ট অব লিভিংয়ের এক পরিসংখ্যানে এই বিশ্বের ব্যয়বহুল শহরের এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় দেখা যায়, চলতি বছরের এই তালিকায় ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম, যা ২০২৩ সালের তালিকায় ছিল ১৫৪তম।

সংস্থাটি প্রত্যেক শহরের ২০০টি বিষয়ের ব্যয়ের ভিত্তিতে এ তালিকা করেছে। বাসস্থান, যোগাযোগব্যবস্থা, পোশাক, খাবার ও বিনোদন প্রভৃতির ব্যয় জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি জিন্সের দাম, প্রতি লিটার পানির দাম, এক কাপ কফির দাম, প্রতি লিটার পেট্রোল ও দুধের দামের পার্থক্যও এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

সে হিসেবে বাংলাদেশে গত কয়েকবছরে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দুই অংকের ঘরে অবস্থান করছে মূল্যস্ফীতি। চাল, সবজি, বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাসসহ প্রায় সমস্ত ভোগ্যপণ্য ও সেবার দাম বাড়ায় বেড়েছে জীবনযাত্রার খরচ।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে চীনের হংকং শহর। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ডের চারটি শহর- জুরিখ, জেনেভা, বাসেল এবং বার্ন।

সূত্র: সিএনএন